দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রবিবার (২ মার্চ) থেকে রোজা শুরু হচ্ছে।
আজ শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররমের সভাকক্ষে চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
এর আগে সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা ও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জাতীয় চাঁদ দেখা কমিটি। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
তারও আগে শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) এক বিজ্ঞপ্তিতে দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক কিংবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর অনুরোধ জানিয়েছিল ইসলামিক ফাউন্ডেশন।
ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রবিবার থেকে রোজা শুরু হচ্ছে।
আজ শনিবার তারাবি পড়ে ও ভোররাতে সেহেরি খেয়ে রোজা রাখা শুরু করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় দেশবাসীকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানান তিনি।








