যুক্তরাজ্যের বাণিজ্য প্রতিমন্ত্রী স্যার ক্রিস ব্রায়ান্ট সোমবার (৯ মার্চ) লন্ডনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। বৈঠকে দু’দেশের বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করা হয়।
বৈঠকে বাংলাদেশের ব্লু ইকোনোমি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য সুযোগ তৈরি, ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের প্রসার, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা, শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি এবং বহুপাক্ষিক সম্পর্কের সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। উভয় পক্ষই সম্মত হয়েছে, এ মাসের শেষে ক্যামেরুনে অনুষ্ঠিতব্য ১৪তম ডব্লিউটিও মন্ত্রী পর্যায়ের সম্মেলনের আগে নিয়মিত যোগাযোগ রাখার জন্য।
এদিকে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ডনকাস্টার ডিবিই’র ব্যারনেস রোজি উইন্টারটন। তারা এভিয়েশন খাতে সম্ভাব্য সহযোগিতা এবং বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়ে আলোচনা করেন।
এছাড়া, বাংলাদেশের এভিয়েশন খাতকে এগিয়ে নিতে প্রতিনিধি দলটি পৃথক দুটি বৈঠক করে।
২০২৭-২০৩৬ মেয়াদের জন্য আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বিচারক পদে বসতে যাচ্ছেন যুক্তরাজ্যের অধ্যাপক দাপো আকান্দ। তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা, এবং আকান্দের প্রার্থিতা উপস্থাপন করেছেন।








