ব্রাজিলের হয়ে আরেকটি বিশ্বকাপ খেলার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে নেইমারের মনে, তবে তার ইনজুরির ইতিহাসের কারণে বিশ্বকাপে খেলার স্বপ্ন পূরণ করতে হলে তাকে অনেক কষ্ট করতে হবে। ফিটনেসের প্রমাণ না দিতে পারলে বিশ্বকাপে খেলার সুযোগ নাও পেতে পারে। তবে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের শীর্ষ গোলদাতাকে বিশ্বকাপে খেলানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন। এজন্য তাকে প্রাক-প্রাথমিক স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০২৬ বিশ্বকাপের আগে সান্তোস ফরোয়ার্ডকে নতুন একটি সুযোগ দেওয়া হয়েছে, তবে আনচেলত্তি সরাসরি তার খেলা পর্যবেক্ষণ করবেন। এজন্য সান্তোস ফরোয়ার্ডের উপর চাপ আরও বাড়বে। এই কারণে আনচেলত্তি আজ (মঙ্গলবার) সাও পাওলোতে তার খেলা দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু শারীরিক সমস্যার কারণে নেইমার মিরাসোলের বিপক্ষে সান্তোসের ম্যাচে অনুপস্থিত থাকবেন। সান্তোস জানিয়েছে, নেইমারের অনুপস্থিতি সতর্কতামূলক ব্যবস্থা ছিল।
ব্রাজিল কোচ আনচেলত্তি ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়কে দেখতে পারেননি, যা তার জন্য হতাশাজনক। ব্রাজিলের ফুটবল ফেডারেশন ও জাতীয় দলের কারিগরি কমিটি সূত্রে জানা গেছে, মঙ্গলবারের ম্যাচ থেকে নেইমারের বাদ পড়া বিষয়টি তাদের জন্য বিস্ময় এবং হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে, যা বিশ্বকাপ প্রস্তুতির জন্যও প্রভাব ফেলতে পারে।
আনচেলত্তি পরিষ্কার করে জানিয়েছেন, তিনি কেবল সম্পূর্ণ ফিট এবং শারীরিক চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ খেলোয়াড়দের দলে রাখবেন। ২৬ ও ৩১ মার্চ ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ রয়েছে, এবং ১৬ মার্চ আনচেলত্তি স্কোয়াড ঘোষণা করবেন।








