বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
আজ মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে দলটি জানিয়েছে। সাক্ষাতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব গ্রহণে ডা. শফিকুর রহমানকে শুভেচ্ছা জানান এবং তার সাফল্য কামনা করেন।
দুই পক্ষের আলোচনায় বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে। একই সঙ্গে আগামী দিনে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে এবং দ্বিপক্ষীয় উন্নয়ন ও সহযোগিতা বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে চীন দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ড. লিউ ইউইং, রাজনৈতিক শাখার পরিচালক ঝ্যাং জিং, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক বিশেষ উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান উপস্থিত ছিলেন।







