রাশমিকা মান্দানা,গত বছরটা পুষ্পা টু সিনেমা দিয়ে দারুণভাবে শেষ করেছিলেন। চলতি বছরটাও যেন সেখান থেকেই শুরু করেছেন।
চলতি বছর তাঁর অভিনীত পাঁচটি সিনেমা মুক্তি পেয়েছে, যেগুলোর মধ্যে আছে বড় দুটি হিট ছবি। সব মিলিয়ে ২০২৫ সালে রাশমিকাই ভারতীয় সিনেমায় বক্স অফিসের রানি।
চলতি বছরের শুরুতে ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় লক্ষ্মণ উতেকরের সিনেমা,ছাবা, এতে জুটি হয়ে হাজির হন রাশমিকা মান্দানা ও ভিকি কৌশল। ঐতিহাসিক অ্যাকশন সিনেমাটি মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তোলে, এ পর্যন্ত আয় করেছে ৮০০ কোটি টাকা। কানতারা চ্যাপটার ওয়ান–এর আগে এটিই ছিল ২০২৫ সালে সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমা।
এরপর ৩০ মার্চ মুক্তি পায় ,সিকান্দার। এ আর মুরুগোদাস পরিচালিত সিনেমাটিতে প্রথমবারের মতো জুটি হন সালমান খান ও রাশমিকা। এ ছবিটি বক্স অফিসে সেভাবে সাড়া ফেলতে পারেনি, আয় করে ১৭৬ কোটি টাকা। হিন্দি সিনেমার পর দক্ষিণের মেয়ে রাশমিকা আবার ফেরেন দক্ষিণিতে, তাঁকে দেখা যায় তামিল–তেলেগু সিনেমা,কুবেরা’য়। শেখর কাম্মুলা পরিচালিত সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পায় ২০ জুন। এ ছবিটিও মোটামুটি ব্যবসা করে, আয় করেছে ১১৫ কোটি টাকা। এরপর ২১ অক্টোবর দেওয়ালি উপলক্ষে মুক্তি পায়,থামা। এ ছবির মাধ্যমে ম্যাডক ফিল্মসের হরর–কমেডি ইউনিভার্সে দেখা যায় অভিনেত্রীকে। ছবিতে তাঁর জুটি ছিলেন আয়ুষ্মান খুরানা। এটি প্রেক্ষাগৃহে এখনো চলছে, আয় করেছে ১৬৮ কোটি টাকা।শেষ ৭ নভেম্বর মুক্তি পেয়েছে রাশমিকা অভিনীত সিনেমা,দ্য গার্লফ্রেন্ড। রাহুল রবিন্দ্রন পরিচালিত তামিল সিনেমাটিতে রাশমিকা ছাড়াও আছেন দীক্ষিত শেঠি। রোমান্টিক–ড্রামা–নির্ভর সিনেমাটি এক সপ্তাহে বক্স অফিস থেকে আয় করেছে প্রায় ৫০ কোটি টাকা। সব মিলিয়ে চলতি বছর রাশমিকা অভিনীত পাঁচটি সিনেমা বক্স অফিস থেকে আয় করেছে ১ হাজার ৩০০ কোটি টাকার বেশি। আয়ের দিক থেকে চলতি বছর তাঁর ধারেকাছে নেই অন্য কোনো নায়িকা। অবশ্য অন্য কোনো বড় তারকার এতগুলো সিনেমা মুক্তিও পায়নি।
উল্লেখ্য,কর্ণাটকের মেয়ে রাশমিকা, ২০১৬ সালে বড় পর্দায় অভিষেকও হয় কন্নড় সিনেমা দিয়ে, এরপর করেন তেলেগু সিনেমা। সব কটিই কমবেশি ব্যবসা করেছে। তবে আলাদাভাবে রাশমিকাকে মনে রাখার কারণ ছিল না। রাশমিকার ক্যারিয়ার নতুন গতি পায় ২০১৮ সালে তেলেগু সিনেমা, গীতা গোবিন্দম দিয়ে। অল্প বাজেটে নির্মিত এই রোমান্টিক কমেডি সিনেমাটি সুপারহিট হয়।সঙ্গে শুরু হয় বিজয় দেবরাকোন্ডার সঙ্গে জুটিও।
ছবিটি তরুণ দর্শকেরা ব্যাপক পছন্দ করেন, সোশ্যাল মিডিয়ায় ছবির নানা দৃশ্য, সংলাপ নিয়ে তৈরি হয় মিম। অন্তর্জালে রাশমিকা মান্দানাকে নিয়ে চর্চা বাড়তে থাকে।








