রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একইসঙ্গে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বিকালে সিনেট ভবনে মোট প্রার্থী সংখ্যা ও ব্যালট নম্বর প্রকাশ করেন রাকসু কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেতাউর রহমান।
প্রকাশিত তালিকায় কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের মধ্যে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) ১৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জনসহ মোট ৩০৬ জনের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে।
এদিকে, ছাত্রদল প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদে শেখ নূর উদ্দীন আবীরের ব্যালট নম্বর ০৫, সাধারণ সম্পাদক (জিএস) পদে নাফিউল ইসলাম জীবনের ০৭ এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে জাহিন বিশ্বাস এষা লড়বেন ০৫ নম্বর ব্যালট নিয়ে।
অপরদিকে, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদের ব্যালট নম্বর ০৪, জিএস প্রার্থী ফাহিম রেজা লড়বেন ১০ নম্বর ব্যালট নিয়ে এবং এজিএস প্রার্থী এস এম সালমান সাব্বিরের ব্যালট নম্বর ১৫।
রাকসু নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্যানুযায়ী, এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৩টি পদের বিপরীতে ২৬০ জন, সিনেটে ৫ জন, ছাত্র প্রতিনিধি পদে ৬২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মোট ৩২২ জন প্রার্থীর মধ্যে ৭ জনের প্রার্থিতা বাতিল করে প্রাথমিকভাবে মোট প্রার্থী ছিল ৩১৫ জন। তবে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছে ৩০৬ জন।
রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আমাদের মোট প্রার্থী ছিল ৩২২ জন। তার মধ্যে আমরা বিভিন্ন কারণে প্রাথমিকভাবে ৭ জনের প্রার্থিতা বাতিল করেছিলাম। তাদের মধ্যে কেউ ব্যাংক রশিদ জমা দেননি, কারও স্বাক্ষর নেই, কারও ছবি নেই, আবার অনেকের ডোপ টেস্ট রিপোর্ট নেই। পরে অনেকেই প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমান মোট প্রার্থী সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬ জন।
উল্লেখ্য, ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মোট ৯টি প্যানেল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছয়টি রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের। বাকি তিনটির মধ্যে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে; একটি সামজিক সংগঠনের এবং একটি স্বতন্ত্র শিক্ষার্থীদের। তবে, ছাত্রদল ও ছাত্রশিবির ছাড়া কোনো প্যানেলই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি।
প্যানেল ও সংগঠন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘোষিত নয়টি প্যানেল হলো, ছাত্রদল মনোনীত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশনের ‘রাকসু ফর র্যাডিক্যাল চেঞ্জ’, গণতান্ত্রিক ছাত্র জোটের ‘গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদ’, ইসলামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী পরিষদ’; ছাত্র ইউনিয়নের একাংশের ‘অপরাজেয় ৭১, অপ্রতিরোধ্য ২৪’, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক তিন সমন্বয়কের নেতৃত্বে ‘আধিপত্যবিরোধী ঐক্য’, সামাজিক সংগঠন ইউনাইটেড স্টুডেন্টস ডেমোক্রেটিক ফোরামের (ইউএসডিএফ) ‘সর্বজনীন শিক্ষার্থী সংসদ’ এবং সাধারণ শিক্ষার্থীদের পক্ষে ‘স্বতন্ত্র শিক্ষার্থী জোট’।








