সাবেক সচিব ও নির্বাচন কশিনার এবং অবসরপ্রাপ্ত বিচারকদের দেওয়া ১২টি ফ্ল্যাটের বরাদ্দ বাতিলের পর এবার তাদের তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
সংশ্লিষ্টরা জানান, জিজ্ঞাসাবাদের জন্য আগামী ১৭, ১৮ ও ২১ সেপ্টেম্বর তাদের তলব করা হয়েছে।
যাদের তলব করা হয়েছে তারা হলেন- দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার অবসরপ্রাপ্ত বিচারক মো. জহুরুল হক, সাবেক সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, সাবেক সিনিয়র সচিব ও দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, সাবেক সিনিয়র সচিব এম আসলাম আলম, সাবেক সচিব আকতারী মমতাজ, সাবেক সচিব মো. সিরাজুল হক খান, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ, সাবেক রেজিস্ট্রার জেনারেল ও সাবেক সিনিয়র জেলা জজ সৈয়দ আমিনুল ইসলাম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, সাবেক সিনিয়র সচিব ও সাবেক নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান এবং সাবেক সিনিয়র সচিব এস. এম. গোলাম ফারুক।
২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ‘দিনের ভোট রাতে নেয়ার সঙ্গে জড়িত’ সচিব পদমর্যাদার ১২ কর্মকর্তাকে ‘পুরস্কার হিসেবে’ শেখ হাসিনার আমলে ‘পরিকল্পিতভাবে’ এসব ফ্ল্যাট দেওয়া হয়েছ বলে তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ রয়েছে।








