আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত জুলাই অভ্যুত্থানে হত্যাসহ অন্যান্য অপরাধের অভিযোগে করা মামলাসমূহের প্রসিকিউশনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল করার লক্ষ্যে কমিটি গঠন করেছে আইন মন্ত্রণালয়।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিমের সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কমিটির সদস্যরা হলেন- স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার নিম্নে নয়), বাংলাদেশ পুলিশের একজন প্রতিনিধি (ডিআইজি পদমর্যাদার নিম্নে নয়), জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত শহিদ পরিবারের একজন সদস্য, জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক মনোনীত একজন আইনজীবী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক মনোনীত একজন মানবাধিকার কর্মী।
কমিটির সদস্য-সচিব হিসেবে রাখা হয়েছে আইন ও বিচার বিভাগের জিপি-পিপি অধিশাখার উপ-সলিসিটর।
বিবৃতিতে কমিটির কর্মপরিধি সম্পর্কে বলা হয়েছে- কমিটি জুলাই গণ-অভ্যুত্থানকালে দেশব্যাপী চলমান ছাত্র-জনতার আন্দোলন দমনের উদ্দেশে সংঘটিত হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলার পূর্ণাঙ্গ তালিকা সংগ্রহ করবে (মামলার বর্তমান পর্যায় উল্লেখসহ)। এরূপ মামলার মধ্যে যেসব মামলার চার্জশিট দাখিল হয়েছে, সেসব মামলায় (আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ব্যতীত) প্রসিকিউশনের কার্যক্রম পরিচালনায় বিদ্যমান সমস্যা চিহ্নিত করবে (যদি থাকে) এবং উক্ত সমস্যা নিরসনের লক্ষ্যে কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট পাঠানো হবে। কমিটির কার্যক্রমের অগ্রগতি ভুক্তভোগী পরিবার ও দেশবাসীকে সময়ে সময়ে অবহিত করবে এবং মামলার ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য কমিটি প্রয়োজনীয় সুপারিশ সরকারের নিকট পাঠাবে।
বিবৃতিতে আরো বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দায়েরকৃত হত্যা মামলার বিচার সুষ্ঠুভাবে চলমান রয়েছে। সরকার আশা করছে, নবগঠিত উপরোক্ত কমিটির কার্যকর পদক্ষেপের মাধ্যমে প্রচলিত ফৌজদারি আদালতসমূহেও জুলাই গণ-অভ্যুত্থানকালে সংঘটিত হত্যাসহ অপরাপর গুরুতর অপরাধের বিচার কার্যক্রম সুষ্ঠু ও গতিশীল হবে।








