ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে হাইকোর্ট যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধে করা আবেদনের শুনানি আজ আপিল বিভাগে অনুষ্ঠিত হবে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার পর প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে এ শুনানি শুরু হবে।
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠানো হয়।
আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের রায় স্থগিতের আবেদন করে। চেম্বার আদালত সেই আবেদন গ্রহণ করে বিষয়টি পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠান। এ সময় আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রিটকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
এরও আগে সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের স্থগিতাদেশ সাময়িকভাবে স্থগিত করে দেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আপিল বিভাগে আবেদন করার নির্দেশ দেন।
হাইকোর্ট গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিতের আদেশ দেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর বেঞ্চে এ আদেশ হয়। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি শেষে আদালত এই সিদ্ধান্ত দেন।
আদালতের আদেশে বলা হয়, ফরহাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে হবে। রিটটি করেছিলেন ঐক্যবদ্ধ বামজোট সমর্থিত মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বিএম ফাহমিদা আলম। তার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।
রোববার (৩১ আগস্ট) ফাহমিদা আলম রিট দায়ের করেন, যেখানে এস এম ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ফরহাদ ছিলেন ছাত্রশিবির সমর্থিত প্যানেলের মনোনীত প্রার্থী।








