একটি দল জনগণের সেন্টিমেন্টের (মতামতের) বিরুদ্ধে গিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সালাউদ্দিন বলেন, ‘একটি দল হাতপাখার সঙ্গে যুক্ত হয়েছে, যে দল এক সময় স্বাধীনতার বিরুদ্ধে গেছে, মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। তারা এবার ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।’
তিনি বলেন, ‘আগামী ডিসেম্বরে তফসিল ঘোষণা হবে, দেশ এখন নির্বাচনমুখী। শেখ হাসিনা বা আওয়ামী লীগ এ দেশের কেউ নয়, সেটা তারাই প্রমাণ করেছে। তাদের নিজেদের দলের ভেতরেই কোনো গণতন্ত্র ছিল না। তাই সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে।’
ধানের শীষের পক্ষে সালাম দেওয়ার আহ্বান জানিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের নির্বাচন পৃথিবীর মধ্যে একটি নজির স্থাপনকারী নির্বাচন দেখবে। সংস্কারের মধ্য দিয়ে দেশের জনগণের আশার প্রতিফলন ঘটবে। গত ১৭ বছর বাংলাদেশে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না। রাজনীতি বন্দি ছিল কারাগারে, রাজনীতি বন্দি ছিল লন্ডনে। রাজনীতি বন্দী ছিল শিলংয়ে। এরকম উন্মুক্ত পরিবেশে রাজনীতি করার সুযোগ ছিল না।’








