বিমান বিধ্বস্তের ঘটনায় ক্ষতিগ্রস্ত উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস শুরুর সময়সীমা আরো এক দফা পিছিয়েছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থার অবনতি ও নিরাপত্তা বিবেচনায় নিয়ে কলেজ কর্তৃপক্ষ আগামী ২ আগস্ট পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।
তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত। তাদের সুরক্ষা ও মানসিক স্থিতি পুনঃস্থাপনই আমাদের মূল লক্ষ্য। তাই ছুটি বাড়ানো হয়েছে।
তবে এ সময়েও প্রতিষ্ঠানটির প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে বলে জানিয়েছেন তিনি।
কলেজের উপাধ্যক্ষ (প্রশাসন) মো. মাসুদ আলম বলেন, আমাদের দিয়াবাড়ি ক্যাম্পাস আগামী ২ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। তবে অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আমরা নিয়মিত যোগাযোগ রাখছি। তারা ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরতে প্রস্তুত হচ্ছেন।
ঘটনার পরদিন কলেজ কর্তৃপক্ষ তিনদিনের ছুটি ঘোষণা করে। পরে দ্বিতীয় দফায় ছুটি বাড়িয়ে ২৭ জুলাই পর্যন্ত করা হয়। আজ পাঁচদিন বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হলো।








