রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করছে।
আজ সোমবার (২১ জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ দুর্ঘটনা ঘটে। এতে ১ জন নিহত এবং ২৫ জন দগ্ধ হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিমানটি বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়, জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। দুর্ঘটনার সময় বিমানে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির অবস্থান করছিলেন। তার অবস্থার বিষয়ে এখনো নিশ্চিত তথ্য মেলেনি।
দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে এবং মাত্র ১৬ মিনিট পর বিধ্বস্ত হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ইউনিটগুলো উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে এসেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘন ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। ঘটনাস্থলে ভিড় করেন সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন।
এফ-7 বিজেআই মডেলের বিমানটি একটি প্রশিক্ষণ মিশনের অংশ ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দুর্ঘটনার কারণ ও পাইলটের অবস্থান সম্পর্কে বিস্তারিত এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।








