মুসলিমদের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর গত ৩১ মার্চ বিদায় নিয়েছে এবং এখন শুরু হয়েছে ঈদুল আজহার অপেক্ষা, যা কোরবানির ঈদ হিসেবে পরিচিত।
আরব আমিরাতের ‘আমিরাত জ্যোতির্বিদ্যা সোসাইটির’ মতে, আগামী ২৭ মে সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। এর ফলে ২৮ মে হবে জিলহজের প্রথম দিন। মধ্যপ্রাচ্যে ৬ জুন ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, ২৭ মে সকাল ৭টা ০২ মিনিটে চাঁদটি উঠবে এবং ওই দিন সূর্যাস্তের ৩৮ মিনিট পর পর্যন্ত এটিকে আকাশে দেখা যাবে, যা অর্ধচন্দ্র হিসেবে সহজেই দৃশ্যমান হবে।
যদি এই জ্যোতির্ভৌত তথ্য সঠিক হয়, তাহলে ৫ জুন হবে আরাফাতের দিন, যা পবিত্র হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। এরপর ৬ জুন পালিত হবে ঈদুল আজহা। তবে যদি ২৭ মে জিলহজের চাঁদ দেখা না যায়, তাহলে মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপন হবে ৭ জুন।
বাংলাদেশের ক্ষেত্রে ঈদ সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর হয়। তাই দেশে ৭ অথবা ৮ জুন ঈদ পালিত হবে।








