ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মাঝে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হবে বলেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
আজ শনিবার (২৫ জানুয়ারি) রায়েরবাজারে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করতে গিয়ে এ কথা জানান উপদেষ্টা।
এ সময় তথ্য উপদেষ্টা বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না।
শহীদদের কবর জিয়ারতের পর তিনি শহীদদের স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন।
চলতি অর্থবছরে প্রত্যেক শহীদ পরিবারকে ১০ লাখ টাকার সঞ্চয়পত্র কিনে দেওয়া হবে। এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে ১৫ হাজার আহতের চিকিৎসায় অনুদান হিসেবে ১৫০ কোটি টাকা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে সরকার।








