স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া বলেছেন, জাতীয় স্বার্থ কমপ্রোমাইজ করে আমরা কোন পররাষ্ট্র সম্পর্ককে বিশ্বাস করি না। অন্তর্বর্তী সরকার ভারতের সাথে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে। জাতীয় স্বার্থকে সামনে রেখে পরবর্তী সম্পর্কগুলো চলমান থাকবে।
কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি-বার্ডের লালমাই অডিটরিয়ামে অনুষ্ঠিত ফিনান্সিয়াল ইনক্লুশন এন্ড রুরাল ট্রান্সফরমেশন বিষয়ক আন্তর্জাতিক প্রতিনিধি দলের কর্মশালায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আসিফ মাহমুদ এসব কথা বলেন।
বুধবার (১১ ডিসেম্বর) সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বার্ড-এর মহাপরিচালক সাইফ উদ্দিন আহমেদ। অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন আর্ডোর গবেষণা বিভাগের প্রধান ড. খুশনুদ আলী।
শ্রীলঙ্কা, মিশর, ভারত, ঘানা, জাম্বিয়া, নামিবিয়া, গাম্ভিয়া, পাকিস্তান, ওমান, মালয়শিয়া, কেনিয়া ও বাংলাদেশসহ ১২টি দেশের ২০ জন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনকে সামনে রেখে আফ্রিকান-এশিয়ান রুরাল ডেভেলপমেন্ট অরগানাইজেশন (আর্ডো)-এর সদস্য রাষ্ট্রসমূহের নীতি-নির্ধারক ও আর্থিক সেবা প্রদানকারী কর্মকর্তাদের পল্লী এলাকায় আর্থিক অন্তর্ভুক্তিমূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধি করাই দুই সপ্তাহব্যাপী এই কর্মশালার উদ্দেশ্য।








