বেশ কয়েক বছর ধরে মিয়ানমারের রাখাইনে যুদ্ধ চলছে। সর্বশেষ তথ্য মতে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে।
এমতাবস্থায় বুধবার (১১ ডিসেম্বর) থেকে টেকনাফ সেন্টমার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাাাসন। এছাড়া টেকনাফের নাফ নদীতে সব ধরনের ট্রলার চলাচলে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
জানা গেছে, মংডুতে আরাকান আর্মির নিয়ন্ত্রণ বাড়ায় দুশ্চিন্তা বেড়েছে স্থানীয়দের মাঝে। বিশেষ করে নাফনদীতে মাছ ধরা নিয়ে নতুন আতঙ্ক তৈরি হয়েছে। কারণ আরাকান আর্মি অকারণে নাফনদী থেকে জেলেদের ধরে নিয়ে যায়।
এদিকে সচেতন মহল বলছে, আরাকান আর্মি চাইবে সীমান্তে অস্থিরতা তৈরি করতে। এছাড়াও রোহিঙ্গারা চাপের মুখে এপাড়ে চলে আসার চেষ্টা করতে পারে। তাই সরকারের উচিত সীমান্তের পাশাপাশি রোহিঙ্গা ক্যাম্পেও নিরাপত্তা বাড়ানো।








