ঢাকার কোনো থানায় মামলা না নিলে সেই ওসিকে এক মিনিটে সাসপেন্ড (বরখাস্ত) করে দেবেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
আজ সোমবার (২৫ নভেম্বর) ডিএমপি সদর দপ্তরে অটোরিকশা, অটোভ্যান ও ইজিবাইক চালকদের সঙ্গে বৈঠকে তিনি এ হুঁশিয়রি দেন।
বৈঠকে ঢাকা মহানগরে ব্যাটারির রিকশা বন্ধে উচ্চ আদালতের নির্দেশের প্রেক্ষিতে সড়ক অবরোধ এবং এর জেরে পুলিশি ‘হয়রানির’ নানা বিষয় ডিএমপি কমিশনারের সামনে তুলে ধরেন চালক-মালিকরা।
রিকশাচালকরা সড়কে উঠলে ‘পুলিশের হাতে মারধর’ এবং রিকশার ব্যাটারি খুলে নিলামে বিক্রি করে দেওয়াসহ নানা বিষয়ে ডিএমপি কমিশনারের কাছে অভিযোগ করেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনি মামলা করেননি কেন? মামলাযোগ্য হলে অবশ্যই ওসিদের মামলা নিতে হবে। মামলা না নিলে সেই থানার ওসিকে এক মিনিটে বরখাস্ত করে দেব।








