কক্সবাজার বিমানবন্দরে যাত্রীবাহী ফ্লাইট ওঠানামা করতে পারতো সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত। তবে আগামী ২৭ অক্টোবর থেকে রাত ১০টা পর্যন্ত চলাচলের সুযোগ দিচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এর ফলে রাতেও উড়োজাহাজে কক্সবাজার ভ্রমণ করতে পারবেন যাত্রীরা।
এই সিন্ধান্তকে সাদুবাদ জানিয়েছে পর্যটক ও স্থানীয়রা। তারা জানান এর ফলে সকালে কক্সবাজার গিয়ে রাতেই ঢাকায় ফেরার সুযোগ পাবেন তারা।
এই সিদ্ধান্তকে কাজের প্রয়োজনে কক্সবাজার যাতায়াত করা পর্যটক বা যাত্রীদের জন্য বড় সুযোগ হিসেবেই দেখা হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই সাথে পর্যটন নগরীর জন্য এটিকে একটি বড় সুযোগ হিসেবে দেখছেন এভিয়েশন খাতের ব্যবসায়ীরাও।
এরই মধ্যে যাত্রী টানতে প্রতিযোগিতা শুরু করেছে এয়ারলাইন্সগুলো। রাত নয়টার ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে বেসরকারী বিমান সংস্থা এয়ারঅ্যাস্ট্রা। রাত সাড়ে নয়টার ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে নভোএয়ার।
এর ফলে যাত্রীরা চাইলে ঢাকা থেকে সকাল সাতটার ফ্লাইটে কক্সবাজার গিয়ে দিনভর জরুরি কাজ সেরে সৈকতের সৌন্দর্য উপভোগ করে রাতে ঢাকায় ফিরতে পারবেন।
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে চারটি বিমান সংস্থার ১৭টির মতো যাত্রীবাহী ফ্লাইট আছে। আকাশপথে ঢাকা থেকে কক্সবাজার যেতে সময় লাগে ঘণ্টাখানেক। ভাড়া গুণতে হয় সর্বনিম্ন ৫৬০০ টাকা।








