শেরপুর জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ওইসব এলাকার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। এরই মধ্যে নকলা উপজেলার বন্যাকবলিত এলাকায় বন্যার্তদের মাঝে বেশ কয়েক দফায় খাদ্যসামগ্রী বিতরণ করেছে নকলা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল শনিবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নকলা উপজেলা আমির গোলাম সারোয়ার ২৪৪ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন।
এ সময় গোলাম সারোয়ার বলেন– “আকস্মিক ও ভয়াবহ বন্যায় প্লাবিত নকলা উপজেলার এই দুর্যোগে আমরা মর্মাহত। নকলার বন্যাদূর্গত মানুষের সাহায্যে শুরু থেকেই জামায়াতের সর্বস্তরের জনশক্তি কাজ করছে। সমাজের সামর্থবান মানুষকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসতে হবে। বিপদ মুসিবত সবই আল্লাহর পক্ষ থেকে আসে। তাই কঠিন বিপদে বেশী করে আল্লাহর সাহায্য কামনা করতে হবে।”
তিনি আরও বলেন– “আমরা এসেছি। আমরা বাংলাদেশী, আমরা ভাই ভাই। তাই আপনাদের এই দুর্যোগপূর্ণ সময়ে দূরে থাকতে পারিনি। বিবেকের টানে মানবতার আহ্বানে সাড়া দিতেই আপনাদের পাশে এসেছি। এই ফুডপ্যাক কোন করুণা নয় বরং ভাইয়ের প্রতি ভাইয়ের দায়িত্বের অংশ। বন্যার এই বিশাল ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠা মানুষের জন্য খুবই কঠিন। এ বিষয়ে সরকারের পাশাপাশি সামর্থবানদের এগিয়ে আসতে হবে। জামায়াত যে কোন দুর্যোগে অতীতেও জনতার পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।”
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নকলা উপজেলা জামায়াতের সেক্রেটারি শরিফুর ইসলাম শরিফ।
ওরফা ইউনিয়ন সভাপতি বাবর আলী মাস্টারের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন জামায়াত নেতা আফসার উদ্দিন, মইনুদ্দিন শাকিল, আজিজুল হক, আজিম উদ্দিন এবং শিবিরের নকলা উপজেলা সভাপতি আশিকুর রহমানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বন্যার্ত ২৪৪ পরিবারের প্রত্যেক পরিবারকে দেওয়া হয় :
চাউল ৫ কেজি, আলু ২ কেজি, পিয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তেল ১ কেজি, লবণ ১ কেজি, স্যালাইন১০ টি, নাপা ট্যাবলেট ১ পাতা, এমোডিস ট্যাবলেট ১ পাতা।








