বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসবের আজ মহাসপ্তমী। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা।
শেরপুর জেলার নকলা পৌরসভাস্থ ‘নকলা কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মাতা মন্দির পূজা মন্ডপ’-এ দিনব্যাপী চলে মহাসপ্তমীর বিশাল আয়োজন।
দিনের শুরুতে দেবী দুর্গার নবপত্রিকা প্রবেশ ও স্থাপন, প্রাণপ্রতিষ্ঠা এবং ভক্তদের অঞ্জলী প্রদানের মধ্য দিয়ে চলে মহাসপ্তমীর পূজা। মন্ডপে মন্ডপে চলে দেবীর সপ্তমী পূজা। পুষ্পমাল্য, চন্দন, ধূপ দিয়ে বিহিত পূজা ও আরাধনা করেন ভক্তরা। ঢাক-ঢোল, কাঁশর-ঘন্টার আর ভক্তিমন্ত্রে মুখরিত হয়ে উঠে মন্ডপগুলো।
শিশু-কিশোরসহ সব বয়সী মানুষ পরিবার পরিজন নিয়ে মন্দিরে দেবী দর্শন করতে আসেন।
পূজা শেষে দেবীর চরণে পুষ্পাঞ্জলী নিবেদন করেন ভক্তরা। এরপর দেবীর কাছে অশুভ শক্তিকে পরাজিত করে শুভ শক্তির বিজয় কামনা করা হয়। এই উৎসবের মধ্য দিয়ে সামাজিক সম্প্রীতি ও বন্ধন আরও জোরদার হবে বলে আশা করেন পুরোহিতরা।
সর্বোপরি তাদের প্রার্থনায় ছিলো দেশ ও মানুষের মঙ্গল কামনা।














