পাহাড়ী-বাঙালী সংঘাত বন্ধ করে পার্বত্য চট্রগ্রামে শান্তি ফিরিয়ে আনতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানিয়েছেন বিশিষ্টজনেরা। জাতীয় প্রেসক্লাবে পার্বত্য চট্রগ্রামে গণতান্ত্রিক শাসন কায়েম, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা নিয়ে আয়োজিত গোলটেবিল আলোচনায় এই আহবান জানান তারা। সম্প্রতি সহিংসতায় পার্বত্য অঞ্চলে কয়েকজন নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি জানানো হয় আলোচনা সভায়।
পার্বত্য চট্টগ্রামে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা, জণগনের অধিকার, মর্যাদা ও ক্ষমতা প্রতিষ্ঠা শীর্ষক গোলটেবিল আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ। পার্বত্য অঞ্চলে চলমান অস্থিরতা রোধ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার নানা দিক নিয়ে আলোচনা করেন বক্তারা।
আলোচকরা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে একাধিক সরকার পরিবর্তন হলেও পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কোনো উদ্যোগ বাস্তবায়ন হয়নি। যে কারনে এখনো সেখানে অশান্তি বিরাজ করছে।
এসময় ৫ আগস্টের পর দুটি ঘটনাকে কেন্দ্র করে পার্বত্য এলাকার সহিংসতার সাথে জড়িতদের চিহ্নিত করার কথা বলেন অনেকে। পার্বত্য এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে হলে স্থানীয় জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে বলে মনে করেন বক্তারা।
সভায় পার্বত্য এলাকার মানুষের অধিকার রক্ষায় ৭ দফা প্রস্তাবনা তুলে ধরেন ইউপিডিএফের সাংগঠনিক সম্পাদক মাইকেল চাকমা।
শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হলে পার্বত্য এলাকায় শান্তি স্থাপন সম্ভব নয় বলেও আলোচনায় উঠে আসে।








