দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৯৬ জন। এই সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৪১ জনে, যাদের মধ্যে ১০৩ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ডেঙ্গু নিয়ে ১০৩ জন ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে ৩৩, খুলনা বিভাগে ১৪, রাজশাহী বিভাগে ৭ জন এবং রংপুর বিভাগে দুইজন রোগী ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, দেশের বিভিন্ন হাসপাতালে শুক্রবার সকাল পর্যন্ত ১ হাজার ৭৪৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১ হাজার ১২৬ জন; ঢাকার বাইরে এ সংখ্যা ৬১৯।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।








