সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের নাম ফের প্রতিস্থাপন করে বিডিআর করাসহ ৯ দফা দাবি জানিয়েছেন ২০০৯ সালে পিলখানায় হত্যার শিকার বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে ‘পিলখানা হত্যাকাণ্ড ন্যায়বিচার প্রতিষ্ঠা ঐক্য’ ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।
২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সেনা অফিসার ও বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার প্রতিষ্ঠায় ৯ দফা দাবি আদায়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
বিডিআর সদস্য ও পরিবারের অন্য দাবিগুলো হলো— সেনা, নৌ, বিমান বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং শহীদ সেনা অফিসার ও ক্ষতিগ্রস্ত বিডিআর পরিবারের প্রতিনিধি তদন্ত কমিটিতে রাখতে হবে; নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করার জন্য সেনা, নৌ, বিমান বাহিনী ও বিচার বিভাগের সমন্বয়ে স্বাধীন তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে; পিলখানা হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত যে কোনো দল, গোষ্ঠী ও ব্যক্তিকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে তদন্ত রিপোর্ট জাতির সামনে প্রকাশ করতে হবে; নির্দোষ প্রতিটা বিডিআর সদস্যকে অবিলম্বে মুক্তি দিতে হবে; পিলখানার ঘটনায় সেনা কর্মকর্তা, যেসব বিডিআর কর্মকর্তা ও বিডিআর জওয়ানদের চাকরিচ্যুত করা হয়েছে তাদের ক্ষতিপূরণসহ চাকরিতে পুনর্বহাল করতে হবে; বিডিআর হত্যাকাণ্ডের কারণে সামরিক/বেসামরিক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন করতে হবে; বর্তমান বুজিবিকে কোনো প্রকার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না এবং বিডিআর (বাংলাদেশ রাইফেলস) নাম প্রতিস্থাপন করতে হবে।








