সারাদেশে চলমান আন্দোলনের অংশ হিসেবে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনার (এনইউবিটিকে) শিক্ষার্থীরা একদফা এক দাবিতে অবস্থান কর্মসূচী ও সমাবেশ পালন করেন।
মঙ্গলবার (১৬ জুলাই) খুলনা মহানগরীর শিববাড়ি মোড়ে সকাল ১১ টায় এই অবস্থান কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে যোগ দিতে পূর্ব ঘোষণা অনুযায়ী নগরীর শিববাড়ি মোড়ে ছোট ছোট মিছিল নিয়ে নর্দান ইউনিভার্সিটি খুলনার শিক্ষার্থীদের সাথে সকাল সাড়ে ১০ টা থেকেই যুক্ত হতে থাকে খুলনার বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ এর শিক্ষার্থীরা। এ সময় কোটা বিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয় খুলনার প্রাণকেন্দ্র শিববাড়ি মোড়সহ জিরো পয়েন্ট চত্বর।
পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা শিব বাড়ি মোড়ের সকল প্রবেশ পথ এবং খুলনা-যশোর মহাসড়ক অবরোধ করে রাখে। আইন শৃঙ্খলা রক্ষায় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন ছিলো শিববাড়ি মোড়ে, তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, “তাদের এ দাবি যৌক্তিক দাবি, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন জায়গাতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি হওয়া হামলার তীব্র নিন্দা প্রকাশ করেন এবং এর সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি রাখেন শিক্ষার্থীরা।”
তারা আরও বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন এবং পরবর্তীতে সমন্বয়কদের সাথে আলোচনা করে আরো কঠিন কর্মসূচির ঘোষণা দেবেন।








