ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার একটি প্রস্তাব সাধারণ পরিষদে বিপুল ভোটে পাস হয়েছে। একই সঙ্গে দেশটিকে সদস্যপদ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে পুনর্বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানানো হয়।
আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, প্রস্তাবটির ওপর শুক্রবার ভোটাভুটি হয়। ফিলিস্তিনকে নতুন সদস্য করার পক্ষে গতকাল ভোট দিয়েছে বাংলাদেশসহ জাতিসংঘের ১৪৩টি সদস্য রাষ্ট্র। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯টি দেশ। ভোটদানে বিরত ছিল ২৫টি দেশ।
সাধারণ পরিষদের এই ভোটের মধ্য দিয়ে অবশ্য জাতিসংঘে পূর্ণ সদস্যপদ পাবে না ফিলিস্তিন। তবে ফিলিস্তিনকে জাতিসংঘে যুক্ত করার পক্ষে এটি একটি বৈশ্বিক স্বীকৃতি হিসেবে কাজ করবে। এর আগে গত মাসে নিরাপত্তা পরিষদে তোলা একই ধরনের প্রস্তাব যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগে খারিজ হয়ে গিয়েছিল।
সাধারণ পরিষদের ভোটের মাধ্যমে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ না পেলেও অতিরিক্ত কিছু সুবিধা ভোগ করবে ফিলিস্তিন। যেমন চলতি বছরের সেপ্টেম্বর থেকে পরিষদের অধিবেশন কক্ষে অন্যান্য সদস্যদের সঙ্গে আসন পাবে তারা। তবে কোনো প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ পাবে না।








