পবিত্র ঈদুল আজহা সামনে রেখে পশ্চিমবঙ্গের পর এবার ভারতের উত্তর প্রদেশে ঈদের নামাজ ও কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, খোলা জায়গা বা জনসমাগমস্থলে পশু কুরবানি দেওয়া যাবে না। একই সঙ্গে রাস্তা বন্ধ করে ঈদের নামাজ আদায় করা যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি।
গত রোববার ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা প্রশাসনকে নির্দেশ দেন, কুরবানি শুধুমাত্র পূর্বনির্ধারিত স্থানে সম্পন্ন করতে হবে। উৎসবকে কেন্দ্র করে কোনো নতুন রীতি বা প্রথা চালু করা যাবে না বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও বলেন, ঈদের নামাজ শুধু প্রচলিত ও নির্ধারিত স্থানেই আদায় করতে হবে। কোনো অবস্থাতেই নামাজের জন্য সড়ক বন্ধ করার অনুমতি দেওয়া যাবে না। এছাড়া ‘নিষিদ্ধ পশু’ কুরবানির ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশ দিয়েছেন তিনি।
বৈধ কসাইখানাগুলোতেও নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলে জানানো হয়েছে। উৎসব চলাকালে নিরাপত্তা, পরিচ্ছন্নতা, বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এর আগে পশ্চিমবঙ্গে ঈদুল আজহা সামনে রেখে গবাদিপশু কুরবানি ও জবাইয়ের নিয়মে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়। এসব বিধিনিষেধের কারণে পশু বেচাকেনায় স্থবিরতা তৈরি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ী ও খামারিদের অভিযোগ।
সূত্র: ইন্ডিয়া টুডে







