চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিদ্বন্দ্বী হওয়ার বদলে মিত্র হওয়া উচিত। বৃহস্পতিবার বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানানোর পর দুই নেতা বৈঠকে বসেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক, সহযোগিতা ও ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা হয়।
ট্রাম্পকে উদ্দেশ করে শি জিনপিং বলেন, এ বছর যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এ উপলক্ষে তিনি ট্রাম্প ও মার্কিন জনগণকে অভিনন্দন জানান। শি বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পার্থক্য থাকলেও একসঙ্গে কাজ করার স্বার্থগুলো তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।
চীনা প্রেসিডেন্ট আরও বলেন, সহযোগিতা দুই দেশকেই লাভবান করবে, আর দ্বন্দ্ব উভয় দেশের জন্য ক্ষতির কারণ হবে। তাই দুই দেশের উচিত প্রতিদ্বন্দ্বিতার পথে না গিয়ে মিত্র হিসেবে একসঙ্গে সফল হওয়ার পথ খোঁজা। বর্তমান যুগে বৃহৎ শক্তিগুলোর সম্পর্ক কেমন হওয়া উচিত, সে বিষয়ে যুক্তরাষ্ট্র ও চীন যৌথভাবে একটি রূপরেখা তৈরি করতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জবাবে ট্রাম্প শি জিনপিংকে একজন ‘মহান নেতা’ বলে উল্লেখ করেন। তিনি বলেন, শি জিনপিংকে মহান বলায় অনেকেই পছন্দ করেন না, কিন্তু তিনি তা বলেন কারণ এটি সত্য।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য, প্রযুক্তি, তাইওয়ান ও আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েনের মধ্যেই দুই নেতার এই বৈঠক নতুন কূটনৈতিক বার্তা বহন করছে।
সূত্র: এপি








