দক্ষিণ আফ্রিকা থেকে ইউরোপগামী এমভি হুনডিউস প্রমোদতরির যাত্রীরা হান্টা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী আতঙ্ক বিরাজ করছে। ইতোমধ্যে এই ভাইরাসে আক্রান্ত তিনজনের মৃত্যু হয়েছে।
বর্তমানে এই ভাইরাসের একটি বিশেষ ধরন মানুষ থেকে মানুষে ছড়াতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা এই ধরনটির নাম দিয়েছেন ‘অ্যান্ডিস স্ট্রেইন’। তিনজনের মৃত্যু ছাড়াও এখন পর্যন্ত ছয়জনের দেহে হান্টা ভাইরাস শনাক্তের তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
সাধারণত ইঁদুরের মল, মূত্র বা লালা থেকে ভাইরাস ছড়ালেও অ্যান্ডিস ভাইরাসের ক্ষেত্রে নতুন কিছু তথ্য সামনে এসেছে।
গবেষণায় দেখা গেছে, আক্রান্ত ব্যক্তির লালায়ও এই ভাইরাস থাকে। ফলে চুম্বন, পানীয় ভাগ করে খাওয়া বা খুব কাছ থেকে কাশি ও হাঁচির মাধ্যমে এটি ছড়াতে পারে। পরিবারের সদস্যদের চেয়ে যৌন সঙ্গীদের মধ্যে এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি প্রায় ১০ গুণ বেশি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
সংবাদমাধ্যম সিএনএনকে প্রমোদতরির কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ আমেরিকায় পাখি দেখতে গিয়ে দুই ডাচ পর্যটক ইঁদুরের মাধ্যমে সংক্রমিত হয়েছিলেন।
তাদের মাধ্যমে জাহাজে থাকা অন্য যাত্রীদের মধ্যে এটি ছড়িয়ে পড়ে। গত ১ এপ্রিল আর্জেন্টিনা থেকে যাত্রা শুরু করা এই জাহাজটিতে প্রায় ১৫০ আরোহী ছিলেন। পথে ১১ এপ্রিল একজন যাত্রী মারা যান এবং ২৪ এপ্রিল বেশ কয়েকজন যাত্রী সেন্ট হেলেনা দ্বীপে নেমে যান। বর্তমানে বিশ্বজুড়ে কর্তৃপক্ষ সেই যাত্রীদের খুঁজে বের করার চেষ্টা করছে।
তবে এই ভাইরাস নিয়ে কোভিড মহামারির মতো আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ডব্লিউএইচওর এক সংবাদ সম্মেলনে সংক্রামক রোগ বিশেষজ্ঞ মারিয়া ভ্যন ক্যারকোহভ বলেন, হান্টা ভাইরাসে সংক্রমিত জাহাজ এমভি হুন্ডিয়াসের সবাইকে মাস্ক পরতে বলা হয়েছে। যেসব ব্যক্তি সন্দেহভাজন রোগীদের সংস্পর্শে আসছেন বা তাদের সেবা দিচ্ছেন, তাদের উচিৎ আরও বেশি সুরক্ষামূলক পোশাক-আশাক ও সরঞ্জাম ব্যবহার করা।
হান্টা ভাইরাস আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলে উল্লেখ করে তিনি আরও বলেন, যারা রোগীদের সংস্পর্শে এসেছে, তারা সংক্রমিত হয়েছে কি হয়নি তা শনাক্ত করার কাজ চলছে। তবে এই ভাইরাস সাধারণত খুব কাছাকাছি সংস্পর্শে এলে ছড়ায়। এটি না কোভিড, না ইনফ্লুয়েঞ্জা, এর ছড়ানোর ধরন একেবারেই আলাদা। হান্টাভাইরাসের সঙ্গে কোভিড-১৯ মহামারির শুরুর সময়ের পার্থক্য নিয়ে তিনি বলেন, এখনকার পরিস্থিতি ছয় বছর আগেকার পরিস্থিতির মতো নয়। সংক্রমণের ধরন পরিষ্কার করে তিনি বলেন, এটি নতুন কোনো কোভিড মহামারির শুরু নয়। এটি এমন একটি প্রাদুর্ভাব, যা কেবল একটি জাহাজে দেখা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, করোনা বা ইনফ্লুয়েঞ্জার তুলনায় এই ভাইরাস অনেক কম ছড়ায়। জাহাজের মতো ছোট জায়গায় কাছাকাছি থাকার কারণে সংক্রমণ বেড়েছে, ভাইরাসের শক্তি বাড়ার কারণে নয়। আক্রান্তদের আলাদা করা বা কোয়ারেন্টাইনের মাধ্যমে এই সংক্রমণ সহজেই থামিয়ে দেওয়া সম্ভব বলে জানিয়েছেন তারা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক স্যার অ্যান্ড্রু পোলার্ড জানিয়েছেন, এই ভাইরাসের ছড়িয়ে পড়ার গতি মহামারি হওয়ার মতো নয়।








