মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে ইরানের ওপর সামরিক হামলা আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় ঝুঁকি তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
গতকাল শনিবার (৭ মার্চ) যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এ উদ্বেগ প্রকাশ করেন।
তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর সৃষ্ট পরিস্থিতি তুরস্ক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ফোনালাপে এরদোয়ান বলেন, সামরিক অভিযান দীর্ঘস্থায়ী হলে তা শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বৈশ্বিক স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তিনি আরও বলেন, চলমান সংকট সমাধানে সামরিক পদক্ষেপের পরিবর্তে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই কার্যকর হতে পারে।
এরদোয়ান জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।
ফোনালাপে তুরস্ক ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেন দুই নেতা। বিশেষ করে প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন খাতে সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পায়।
সূত্র: আনাদোলু এজেন্সি।








