আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ সম্মাননায় ভূষিত হতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে তাকে এই সম্মাননা প্রদান করা হবে।
গতকাল শুক্রবার (৬ মার্চ) মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আপসহীন রাজনৈতিক সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে বেগম খালেদা জিয়াকে এই সম্মাননা দেওয়া হচ্ছে। সেখানে তাকে ‘গণতন্ত্রের মানসকন্যা’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
আগামী রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ পুরস্কার দেওয়া হবে। তারা হলেন— অর্থনৈতিক ক্ষেত্রে অবদানের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্যের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রামে জয়ী নারী মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন।








