আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। উভয় দেশকে বিপজ্জনক সংঘাত পরিহার করে আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়েছে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এক বিবৃতিতে বলেন, ‘ইসলামিক আমিরাত অব আফগানিস্তান ও ইসলামিক রিপাবলিক অব পাকিস্তানের মধ্যে সশস্ত্র সংঘর্ষের তীব্রতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই সংঘর্ষে নিয়মিত সেনা ইউনিট, বিমান এবং ভারী অস্ত্র ব্যবহৃত হচ্ছে।
উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটেছে, যার মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছে। আমরা আমাদের বন্ধু আফগানিস্তান ও পাকিস্তানকে বিপজ্জনক সংঘাত থেকে বিরত থাকার এবং রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সব মতপার্থক্য সমাধানের জন্য আলোচনার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছি।’
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে আবারও শুরু হয় সংঘর্ষ। কাবুল জানায়, আফগান ভূখণ্ডে সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলার জবাবে তারা সামরিক অভিযান পরিচালনা করছে।
অপরদিকে ইসলামাবাদ দাবি করে, পাকিস্তানি অভিযানে শতাধিক আফগান সেনা নিহত হয়েছে এবং প্রায় ৮০টি সামরিক যান ধ্বংস করা হয়েছে।
এর পরদিন ২৭ ফেব্রুয়ারি সকালে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযানের সমাপ্তি ঘোষণা করে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, এই সংঘর্ষে ৫৫ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে এবং দুটি সামরিক ঘাঁটি ও ১৯টি সীমান্ত চৌকি দখল করেছে তারা।
এই পরিস্থিতিতে রাশিয়া সতর্ক করে জানিয়েছে, সামরিক উত্তেজনা আরও বাড়লে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি হয়ে উঠতে পারে।








