মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক হ্রাসের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্টকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপের পর ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, ‘আজ আমার প্রিয় বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আনন্দিত। ভারতে তৈরি পণ্যের ওপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করায় ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে তাঁকে অনেক ধন্যবাদ।’
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন ঘোষণায় শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনার কথা বলা হলেও দেশটির বাণিজ্য বিশ্লেষকদের মধ্যে হিসাব নিয়ে কিছুটা অস্পষ্টতা রয়েছে। গত বছরের ২৭ আগস্ট থেকে রাশিয়ার কাছ থেকে তেল কেনার ‘অজুহাতে’ ভারত থেকে আমদানিকৃত পণ্যের ওপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল ওয়াশিংটন। ফলে ভারতের ওপর মোট শুল্কের হার দাঁড়িয়েছিল ৫০ শতাংশে। বর্তমান ঘোষণায় মূল শুল্ক ২৫ থেকে কমে ১৮ শতাংশ হলেও সেই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার নিয়ে স্পষ্ট কিছু বলা হয়নি। ফলে ধারণা করা হচ্ছে, কার্যকর শুল্ক এখন ৫০ থেকে কমে ৪৩ শতাংশে দাঁড়াচ্ছে।
মোদি আরও উল্লেখ করেন, বিশ্বের দুটি বৃহৎ অর্থনীতি ও বৃহত্তম গণতন্ত্র যখন একসঙ্গে কাজ করে, তখন সাধারণ মানুষই উপকৃত হয়। তিনি ট্রাম্পের নেতৃত্বকে বিশ্বশান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন।







