রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভেক) পুনরায় কার্যক্রম শুরু করেছে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে স্বাভাবিক নিয়মেই সেবা কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে ভারতীয় হাইকমিশন।
এর আগে নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে কেন্দ্রটির কার্যক্রম বন্ধ রাখা হয়েছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সংগঠনের জোট ‘জুলাই ঐক্য’ ঢাকায় ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি ঘোষণা করে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিভিন্ন খুনের অভিযোগে অভিযুক্তদের দেশে ফিরিয়ে আনা এবং ভারতীয় প্রভাবশালী রাজনৈতিক শক্তি ও সরকারি কর্মকর্তাদের কথিত ষড়যন্ত্রের প্রতিবাদ জানাতে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
এই কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বুধবার দুপুর ২টা থেকে যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।








