মেট্রোরেল লাইনে জর্দার কৌটায় স্কচটেপ পেঁচানো দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট। কাজিপাড়া ও শেওড়াপাড়ার মাঝামাঝি জায়গায় পরিচ্ছন্নতার সময় ক্লিনাররা বোমার মতো বস্তু দেখতে পেয়ে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।
আজ শুক্রবার (২১ নভেম্বর) সকাল ৯টায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এমআরটি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এমআরটি পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) সোহেল চৌধুরী জানান, মেট্রোরেলের ২৮৮ ও ২৮৯ নম্বর পিলারের ওপর ট্র্যাক লাইনে দুটি অবিস্ফোরিত ককটেল পাওয়া গেছে। আমরা সকাল ৯টার দিকে খবর পাই।
তিনি আরও জানান, লাইনে মেইনটেনেন্সের কাজ যারা করে, তারা সর্বপ্রথম ককটেল দুটি দেখতে পায়।
তিনি আরও জানান, যে জায়গায় ককটেল দুটি পাওয়া গেছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। তবে আশপাশের বিভিন্ন ভবনের এবং নিচের দোকানপাটের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করছে পুলিশ।








