ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বহুল প্রতীক্ষিত এই নির্বাচন ৬ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ বিরতির পর আয়োজিত ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে।
আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপরই চলবে ভোট গণনা; ভোট গণনা শেষে বিশ্ববিদ্যলায়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ফলাফল ঘোষণা করা হবে।
জানা গেছে, এবারের ডাকসু নির্বাচনে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ১৭ জন, কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে ১১ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ১৪ জন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ১৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ১২ জন, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে ৯ জন, ক্রীড়া সম্পাদক পদে ১৩ জন, ছাত্র পরিবহন সম্পাদক পদে ১২ জন, সমাজসেবা সম্পাদক পদে ১৭ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ১৫ জন, মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক পদে ১১ জন, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক পদে ১৫ জন এবং সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২১৭ জন।
অন্যদিকে হল সংসদ নির্বাচনে ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিভিন্ন হলে প্রার্থীর সংখ্যা হলো- ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ৫৯ জন, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ৩১ জন, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২ জন, জগন্নাথ হলে ৫৫ জন, ফজলুল হক মুসলিম হলে ৫৮ জন, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৭৫ জন, রোকেয়া হলে ৪৫ জন, সূর্যসেন হলে ৭৫ জন, হাজী মুহম্মদ মুহসীন হলে ৬০ জন, শামসুন নাহার হলে ৩৫ জন, কবি জসীম উদ্দীন হলে ৬৮ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৩ জন, শেখ মুজিবুর রহমান হলে ৫৯ জন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬ জন, অমর একুশে হলে ৭৬ জন, কবি সুফিয়া কামাল হলে ৩৮ জন, বিজয় একাত্তর হলে ৬৮ জন এবং স্যার এ এফ রহমান হলে ৬২ জন।
এদিকে ভোটকে ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। প্রতিটি কেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি ভোটগণনার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে এলইডি স্ক্রিনে সরাসরি ফলাফল প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা যেন শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
ডাকসু নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে সোমবার রাত থেকেই অবস্থান নিয়েছেন বিপুলসংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। এসব জায়গায় পুলিশের পাশাপাশি বিএনসিসিসহ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন।
ভোটকেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিএসসি এলাকায় পুলিশের অস্থায়ী ক্যাম্প বসানো হয়েছে। এছাড়াও ক্যাম্পাসে ডগ স্কোয়াড ও বম্ব ডিসপোজাল ইউনিট নিয়োজিত করা রয়েছে।








