যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের দাবানল এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুনের ভয়াবহতা বৃদ্ধির আশঙ্কায় শহরটিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।
এবারের দাবানল যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হতে পারে বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম।
ঝড়ো বাতাসের হুমকির মুখে দক্ষিণ ক্যালিফোর্নিয়াজুড়ে লাল পতাকা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা, যা সাধারণত ‘বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে’ জারি করা হয়।
লস অ্যাঞ্জেলেসের মেয়র বলছেন, ঝড়ো বাতাস ফিরে আসার আগেই জরুরি সব প্রস্তুতি নিয়ে নেওয়া হচ্ছে।
পাসাডেনার ফায়ার সার্ভিস বিভাগের প্রধান চাদ অগাস্টিন বলেন, আমরা হয়ত আবার বিপর্যয়ের মুখে পড়তে চলেছি। কারণ মঙ্গলবার বাতাসের গতি সর্বোচ্চ হতে পারে।
এদিকে আগুনে সম্পদের ক্ষতির পাশাপাশি মানুষের দুর্দশা চরম পর্যায়ে পৌঁছেছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউসম এ পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যুর খবর জানিয়েছেন। দাবানল নিয়ন্ত্রণে মার্কিন ন্যাশনাল গার্ডের আরও সদস্য চেয়েছেন লস এঞ্জেলস কাউন্টি শেরিফ রবার্ট লুনা।








