ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাইয়ে বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে ভারী বৃষ্টির ফলে অসংখ্য রাস্তাঘাট ডুবে গেছে। বৃহস্পতিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে মুম্বাই এবং এর আশপাশের অঞ্চলে সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।
বহু রাস্তাঘাট প্লাবিত হয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের অন্যতম প্রধান এই শহরটি। অত্যন্ত ভারী বৃষ্টির কারণে বেশি কিছু ফ্লাইটকে মুম্বাইয়ে ঢোকার আগে ফিরিয়ে দেওয়া হয়েছে। আর এমন অবস্থায় বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) মুম্বাইয়ের সকল স্কুল-কলেজ বন্ধ রেখেছে পৌর কর্পোরেশন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
বুধবার সন্ধ্যা শুরু হওয়া থেকে ভারী বৃষ্টি মুম্বাইয়ে। একপর্যায়ে পানি জমতে শুরু করে রাস্তায়। ফলে ভারতের এই বাণিজ্য নগরীতে যানজট বাড়ে। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। মুম্বাইয়ের একাধিক জায়গায় রেললাইন প্লাবিত হয়েছে। ফলে ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। মুম্বাই ও সংলগ্ন জেলাগুলোতেও আরও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া দপ্তর।








