শেরপুর জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার একটি কৃষি জমির জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করেছেন স্থানীয়রা। পরে উদ্ধারকৃত অজগরটি বনে অবমুক্ত করা হয়।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে হাতিপাগার গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষকের জমিতে সাপটি পাওয়া যায়।
স্থানীয়রা জানান, হাতিপাগার গ্রামের দুই যুবক কৃষক সিরাজুল ইসলামের জমির আইলের সুতার জাল দিয়ে বানানো বেড়ায় একটি বড় সাপ আটকে থাকা অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি স্থানীয় নয়াবিল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানকে জানানো হয়। ইউপি চেয়ারম্যান বিষয়টি বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তাকে জানালে বন বিভাগের লোকজন এসে বিকেলে অজগরটি উদ্ধার করে নিয়ে যায়। এসময় অজগরটি দেখতে উৎসুক মানুষ ভিড় করে।
উদ্ধারকৃত অজগরটি লম্বায় ৮ ফুট এবং ওজন প্রায় ৯ কেজি বলে জানিয়েছেন মধুটিলা রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম।








