প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারত ও চীন দুই দেশেরই আগ্রহ আছে। তবে, তিনি চান তিস্তা প্রকল্প বাস্তবায়নে ভারতই বাস্তবায়ন করুক।
চীন সফর নিয়ে রোববার (১৪ জুলাই) বিকেলে গণভবনে সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
মূলত চীন সফর নিয়ে এই সংবাদ সম্মেলন হলেও সাংবাদিকদের প্রশ্নে উঠে আসে তিস্তা প্রকল্প, কোটা বিরোধী আন্দোলন, সরকারি কর্মকর্তাদের দুর্নীতি, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের পেনশন কিংবা প্রশ্নপত্র ফাঁসের বিষয়গুলোও।
সরকারি চাকরিতে কোটার বিষয়টি আদালতে বিচারাধীন জানিয়ে শেখ হাসিনা বলেন, কোটা সমস্যার সমাধান আদালতেই হবে। শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেয়া হবে না, তবে কেউ ধংসাত্নক কর্মকাণ্ড চালালে আইনি ব্যবস্থা নেবে আইনশৃংখলা বাহিনী।
চীন সফর থেকে নির্ধারিত সময়ের আগে কেন দেশে ফিরে এসেছেন এই সম্মেলনে তার ব্যাখ্যাও দেন শেখ হাসিনা। এই সফলে বাংলাদেশের প্রাপ্তি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ চীন সফরে কিছু পায় নি বলে যারা বক্তব্য দেয় তারা গুজব ছড়ায়। আমাকে হেয় করতেই এসব গুজব ছড়ানো হয়”।
বর্তমানে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শেখ হাসিনা জানান, দুর্নীতির বিরুদ্ধে সরকার কঠোর। অনিয়ম দুর করে সুস্থ্য ধারায় দেশকে আনা হবে।
এছাড়া সমসাময়িক বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের খোলামেলা উত্তর দেন শেখ হাসিনা।








