হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম, আর তাতেই বড় ধাক্কা খেল আমেরিকার শেয়ার বাজার। ইরান এবং হরমুজ প্রণালী নিয়ে তৈরি হওয়া আন্তর্জাতিক উত্তেজনার কারণেই বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিতে, যা নতুন করে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে বড় উদ্বেগ তৈরি করেছে।
গত কয়েক সপ্তাহ ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির জোয়ারে আমেরিকার শেয়ার বাজার একের পর এক রেকর্ড ভেঙে সাফল্যের চূড়ায় উঠছিল। কিন্তু গতকাল শুক্রবার (১৫ মে) তেলের দাম বাড়ার খবরে প্রযুক্তি খাতের সেই সাফল্যের রথ হঠাৎ থমকে যায়। আকস্মিক এই ধসের কারণে বাজারে তৈরি হওয়া টানা কয়েক সপ্তাহের চাঙ্গা ভাব কেটে গেছে।
এদিন আমেরিকার প্রধান তিনটি শেয়ার বাজার সূচকের সবকটিরই বড় ধরনের পতন ঘটেছে। প্রতিটি সূচকই ১ শতাংশের বেশি পয়েন্ট হারিয়েছে।
শেয়ার বাজারের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে লোকসান এড়াতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। ফলে তারা শেয়ার বাজার থেকে টাকা তুলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সরকারি ট্রেজারি বন্ডের দিকে ঝুঁকছেন, যে কারণে বন্ডের মুনাফার হারও (ইয়েল্ড) বেড়ে গেছে।
বাজার বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানি তেলের দাম এভাবে বাড়তে থাকলে দীর্ঘমেয়াদে মূল্যস্ফীতি আরও চেপে বসবে। আর এই আশঙ্কাই এখন সাধারণ বিনিয়োগকারী ও বাজারসংশ্লিষ্টদের সবচেয়ে বেশি ভাবিয়ে তুলছে।








