দীর্ঘ ২২ বছর পর আগামীকাল শনিবার চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি জেলায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
আজ শুক্রবার বিএনপি মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এই সফরের বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়েছে। তার এই আগমনকে কেন্দ্র করে চাঁদপুর জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
সফরসূচি অনুযায়ী, শনিবার সকালে ঢাকা থেকে সড়কপথে চাঁদপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। যাত্রাপথে বেলা সাড়ে ১১টার দিকে তিনি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে একটি পথসভায় বক্তব্য দেবেন। এরপর দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোদ খালের পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার কুমারডুগি-ঘোষেরহাট এলাকায় বিশ্বখাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে তার।
বিকেলে প্রধানমন্ত্রী চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় অংশ নিয়ে নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন তিনি।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং উর্ধ্বতন কর্মকর্তারা ইতিমধ্যে অনুষ্ঠানস্থলগুলো পরিদর্শন করেছেন। এই সফরের মধ্য দিয়ে চাঁদপুরের উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।








