১৪ দফা দাবির বাস্তবায়ন ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে শেরপুরের নকলায় সাংবাদিকদের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টায় পৌর শহরের হলমোড়ে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে নিরলসভাবে কাজ করে গেলেও তাদের ন্যায্য অধিকার ও নিরাপত্তা এখনো নিশ্চিত হয়নি। বক্তারা দ্রুত এসব দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়ে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।








