নাটোর শহরের ‘নাটোর পেট্রোলিয়াম এজেন্সি’ ফিলিং স্টেশনে বোতলে তেল না দেওয়াকে কেন্দ্র করে এক পাম্প কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সেলসম্যান সানু রায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীর তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে শাহীন নামের এক ব্যক্তি বোতলে তেল নিতে আসেন। সরকারি ও নিরাপত্তাজনিত বিধিনিষেধের কারণে সানু রায় বোতলে তেল দিতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির পর শাহীন একটি কাঠ নিয়ে সানুর ওপর হামলা চালান। আহত অবস্থায় সানুকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
নাটোর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনার পর এলাকায় উত্তেজনা দেখা দিয়েছিল। তবে পুলিশ দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।








