ইরানের বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত করেছে।
রবিবার রাতে জারি করা এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ সংবাদ প্রচার করেছে।
বিবৃতিতে বলা হয়, ১৯৮৯ সালে ইমাম রুহুল্লাহ খোমেনির ইন্তেকালের পর থেকে প্রায় ৩৭ বছর ইরানের নেতৃত্ব দেন আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনি। সম্প্রতি মার্কিন–ইসরায়েলি হামলায় তার শাহাদাতের পর নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করে বিশেষজ্ঞ পরিষদ।
পরিষদ জানায়, যুদ্ধকালীন পরিস্থিতি ও নিরাপত্তা হুমকি থাকা সত্ত্বেও তারা সাংবিধানিক দায়িত্ব পালনে বিলম্ব করেনি। খামেনির শাহাদাতের পরপরই নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।
বিস্তৃত আলোচনা ও পর্যালোচনার পর রবিবার অনুষ্ঠিত বৈঠকে পরিষদের সদস্যদের বিপুল ভোটে আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিকে ইসলামী বিপ্লবের তৃতীয় নেতা হিসেবে নির্বাচিত ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
ইরানের সংবিধান অনুযায়ী, বিশেষজ্ঞ পরিষদই দেশের সর্বোচ্চ নেতা নির্বাচন ও তার কার্যক্রম তদারকি করে। এই পরিষদের সদস্যরা জনগণের সরাসরি ভোটে আট বছরের জন্য নির্বাচিত হন।
আয়াতুল্লাহ মোজতবা খামেনির নেতৃত্বে ইরানের রাজনৈতিক ও সামরিক নীতিতে কী ধরনের পরিবর্তন আসে, তা নিয়ে আন্তর্জাতিক মহলে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি (ইরান)







