সৌদি আরবে একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলায় একজন বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন। নিহত অপর ব্যক্তি ভারতীয় নাগরিক বলে জানা গেছে।
হামলাটি সৌদি আরবের আল-খার্জ গভর্নরেটের একটি কমপাউন্ডের আবাসিক ভবনে চালানো হয়। সৌদি আরবের সিভিল ডিফেন্স এজেন্সি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছে। তবে হামলার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।
এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের আল-খার্জসহ বিভিন্ন স্থানের রাডার ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালিয়েছে। ওই হামলার পরই আল-খার্জ এলাকায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেল।
এর আগে গত মঙ্গলবার সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন কনস্যুলেটও ড্রোন হামলার শিকার হয়।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর পরিপ্রেক্ষিতে ইরান অঞ্চলজুড়ে মার্কিন ঘাঁটি থাকা দেশগুলোতে পাল্টা হামলা চালিয়ে আসছে। সৌদি আরবেও বিভিন্ন সময়ে হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা







