আমাদের সমাজে উন্নত মানসিকতার অভাব থাকায় নারীরা এখনো অনেক ক্ষেত্রে প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত হচ্ছেন বলে মন্তব্য করেছেন রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান।
আজ রোববার (৮ মার্চ) দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারীকে পিছিয়ে রেখে টেকসই উন্নয়ন সম্ভব নয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তাই তাদের যথাযথ মর্যাদা ও সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলের অনেক নারী এখনো বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হচ্ছেন। এসব পরিস্থিতিতে নির্যাতিত নারীদের সহায়তা দিতে সরকার প্রতিটি জেলায় লিগ্যাল এইড সেবা চালু করেছে, যেখানে ভুক্তভোগীরা বিনামূল্যে আইনি সহায়তা পেয়ে থাকেন। তবে এই সেবার বিষয়ে প্রান্তিক পর্যায়ে আরও সচেতনতা বাড়ানো জরুরি।
নারীদের প্রতি সম্মান প্রদর্শনের মানসিকতা গড়ে তুলতে পারিবারিক শিক্ষা ও সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। তিনি বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সব পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোছা. সেলোয়ারা বেগম।
আলোচনা সভা শেষে জুলাই যুদ্ধাহত পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এর আগে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধি এবং নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।







