ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীক পেয়েছে ৩ কোটি ৭৪ লাখ ৬৮ হাজার ৯৯৪ ভোট, আর বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ২ কোটি ৩৮ লাখ ২৫ হাজার ২৫৯ ভোট। ফলে দুই দলের মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ কোটি ৩৬ লাখ ৪৩ হাজার ৭৩৫।
নির্বাচন কমিশনের প্রকাশিত বিস্তারিত ফলাফল বিশ্লেষণে এ তথ্য জানা গেছে। গত ১২ ফেব্রুয়ারি দেশের ২৯৯টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শেরপুর–৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন স্থগিত করা হয়।
নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা ২১১টি আসনে জয় পেয়েছেন এবং বৈধ ভোটের হিসাবে দলটির ভোটের হার ৪৯.৯৭ শতাংশ। অন্যদিকে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা ৬৮টি আসনে জয় পেয়ে পেয়েছে ৩১.৭৭ শতাংশ ভোট।
২৯৯ আসনের নির্বাচনে মোট ভোটার ছিল ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৫৮৫ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ৭ কোটি ৬৬ লাখ ৮১ হাজার ১৯৩ জন, যা মোট ভোটারের ৬০.২৪ শতাংশ। প্রদত্ত ভোটের মধ্যে বৈধ ভোট ৭ কোটি ৪৯ লাখ ৯০ হাজার ১১৩টি এবং বাতিল ভোট ১৬ লাখ ৯১ হাজার ৮০টি।
এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি আসন, খেলাফত মজলিস ২টি আসন এবং কয়েকটি দল একটি করে আসনে জয় পেয়েছে। নির্বাচনে অংশ নেওয়া ৫০টি দলের মধ্যে ৪১টি দল এক শতাংশের কম ভোট পেয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।








