ইরানে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অভিযান নিয়ে এক ব্রিফিংয়ে নতুন তথ্য তুলে ধরেছেন মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডে আয়োজিত ওই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, সেন্ট্রাল কমান্ডের অ্যাডমিরাল ব্র্যাড কুপার এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিফিংয়ে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইরান ও রাজধানী তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে পরিমাণ গোলাবারুদ ব্যবহার করছে, তা শিগগিরই আরও বাড়ানো হবে। তার ভাষ্য অনুযায়ী, চলমান সামরিক অভিযানের তীব্রতা বাড়ানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ভারত মহাসাগরে অবস্থিত দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি ব্যবহারের জন্য যুক্তরাজ্যের অনুমতি যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ঘাঁটি ব্যবহার করলে হামলার কার্যক্রম পরিচালনা করা সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।
হেগসেথ বলেন, শুরু থেকেই যদি যুক্তরাজ্য এই ঘাঁটি ব্যবহারের অনুমতি দিত, তাহলে তা আরও সহায়ক হতো। তবে শেষ পর্যন্ত এই অনুমতি পাওয়ায় যুক্তরাষ্ট্রের জন্য তা ইতিবাচক হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
এদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টার্মার জানিয়েছেন, কাতারে অবস্থানরত ব্রিটিশ স্কোয়াড্রনের সঙ্গে যোগ দিতে আরও চারটি টাইফুন যুদ্ধবিমান পাঠানো হবে। তিনি বলেন, প্রতিরক্ষামূলক সামরিক কার্যক্রম পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।








