সাগরে আটকে থাকা রাশিয়ার জ্বালানি তেল কেনার ক্ষেত্রে ভারতকে নিষেধাজ্ঞা থেকে সাময়িক ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে ৩০ দিনের জন্য এ বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ সচল রাখা এবং ‘বিশ্বের জ্বালানি খাতকে জিম্মি করার ক্ষেত্রে ইরানের চেষ্টাকে’ ঠেকাতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এটি একটি সুপরিকল্পিত স্বল্পমেয়াদি পদক্ষেপ। যেহেতু এ ছাড় শুধু সমুদ্রে আটকে থাকা তেলের ক্ষেত্রে প্রযোজ্য, তাই এর মাধ্যমে রুশ সরকার বড় ধরনের আর্থিক সুবিধা পাবে না।
ইউক্রেনে হামলার পর রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার জ্বালানির অন্যতম বড় ক্রেতা ভারত। ইউক্রেন যুদ্ধের অর্থায়ন দুর্বল করতে ভারত যেন রাশিয়ার তেল কেনা বন্ধ করে, সে জন্য দিল্লির ওপর বিশেষ চাপ বজায় রেখেছিল ওয়াশিংটন।
সূত্র: বিবিসি








