নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেতা গোবিন্দ ও অভিনেত্রী নীলম কোঠারীর অনস্ক্রিন রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করত, অফস্ক্রিন সম্পর্ক নিয়েও ছিল নানা গুঞ্জন। কেরিয়ারের মধ্যগগনে থাকা অবস্থায় গোবিন্দের ব্যক্তিগত জীবন এবং পরকীয়া নিয়ে স্ত্রী সুনীতা বিভিন্ন সময় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। দীর্ঘ বছর পর এবার সেই পুরোনো সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বললেন বলিউডের ‘চিচি’।
১৯৮৬ সালে ‘লভ ৮৬’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন গোবিন্দ এবং সেই বছরেই সুনীতাকে বিয়ে করেন। তবে নীলমের সঙ্গে কাজ শুরু করার পর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। গোবিন্দ জানান, তাদের পারিবারিক প্রেক্ষাপট ও বেড়ে ওঠা সম্পূর্ণ ভিন্ন হওয়া সত্ত্বেও তারা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন। গোবিন্দের ভাষায়, “আসলে আমার মতো গেঁয়ো ছেলেদের নীলমের মতো মেয়েদের খুব পছন্দ হয়। ও ভীষণ ভালো মেয়ে, দেখতে ঠিক যেন ডল পুতুলের মতো।”
অভিনেতা স্বীকার করেন যে, এক সময় তিনি নীলমের প্রতি এতটাই মুগ্ধ ছিলেন যে স্ত্রী সুনীতাকেও নীলমের মতো হওয়ার জন্য চাপ দিতেন। নীলমের সঙ্গে তার সম্পর্ক কেবল বন্ধুত্বের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেনি, ভালো লাগার এক গভীর জায়গা তৈরি হয়েছিল। তবে পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে তিনি নীলমের কাছ থেকে সরে আসেন এবং বিবাহিত জীবনে মনোনিবেশ করেন।
বর্তমানে নীলম তার স্বামী ও সন্তান নিয়ে সুখে সংসার করছেন। অন্যদিকে গোবিন্দও অতীতের সেই সোনালী দিনগুলোর স্মৃতি চারণ করে বুঝিয়ে দিলেন যে, নীলমের প্রতি সেই মুগ্ধতা আজও তার মনের এক কোণে সজীব রয়েছে।







